শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সময় ৪-৫ বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মসজিদের ইমাম মো. আব্দুল লতিফকে (৫৫) দায়িত্বে রাখা না-রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের কণ্ঠভোটে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে ইমাম হিসেবে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পসঠানো হয়েছে।
এদিকে, সংঘর্ষের পর আপেলের বাড়িসহ চার থেকে পাঁচটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আপেলের স্বজনদের অভিযোগ,তাঁর বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার, লুট ও একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাব পত্র ও বাড়ির জানালার কাচসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর লুটপাট করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ
মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
