ঢাকা টেস্টে বৃষ্টির হানা: ইংল্যান্ডে ৩ উইকেটে ৫০

অভিষেক টেস্টের ন্যায় আজও সফলতা পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার মিরপুরে ৬ ওভার বল করেই পেয়েছেন ২টি উইকেট। তবে বৃষ্টির কারণে আজকের খেলা শেষ হয়ে গেছে।
সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবাল ও মমিনুল হক দলের জন্য বড় স্কোর গড়লেও বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২২০ রানে।
এরপর ব্যাট করতে নেমে ২ ওভারের মধ্যেই এক উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে আসেন সাকিব। দলের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বেন ডাকেটকে করা দ্বিতীয় বলে ছক্কা হজম করেন তিনি। তবে, ইনিংসের পঞ্চম বলে মুশফিকের গ্লাভসবন্দি হতে হয় ৭ রান করা ডাকেটকে। দলীয় ১০ রানের মাথায় ইংলিশরা নিজেদের প্রথম উইকেট হারায়।
এরপর ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণের ধারাবাহিকতায় মেহেদি ফিরিয়ে দেন দলপতি অ্যালাস্টার কুককে। এলবির ফাঁদে পড়েন ব্যক্তিগত ১৪ রান করা কুক। আম্পায়ার ধর্মসেনা প্রথমে আউট না দিলেও রিভিউয়ের আবেদন থেকে উইকেটটি দখল করেন মেহেদি। তৃতীয় উইকেটটিও তুলে নেন মেহেদি। ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরেন গ্যারি ব্যালান্স। ১৮ বলে ৯ রান করে মুশফিকের তালুবন্দি হন ব্যালান্স। দলীয় ৪২ রানের মাথায় ইংলিশদের তৃতীয় উইকেটের পতন ঘটে।
১২.৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫০ হওয়ার পর বৃষ্টির কারণে আজকের খেলা শেষ ঘোষণা করা হয়।




