
মোঃকাউছার ,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার কলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের প্রমাণ মেলায় তিনটি দোকানকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



