
পতাকা ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি, নিখোঁজ ও ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক শোকবার্তায় তারা বলেন, নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষের প্রাণহানি এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার সংবাদ অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। বিশেষ করে নিহতদের মধ্যে বিপুলসংখ্যক পর্যটক থাকার বিষয়টি এই বিপর্যয়ের মানবিক মাত্রাকে আরও গভীর করেছে। এই দুঃসময়ে আমরা নেপালের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি।
এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো দেশের একার সংকট নয়; এটি সমগ্র মানবজাতির জন্য একটি মানবিক চ্যালেঞ্জ। তাই নেপালের এই কঠিন সময়ে দেশটির সরকার ও জনগণের পাশে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।
তারা নেপালের সরকারের প্রতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত, সমন্বিত ও কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান, দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও জরুরি খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘ, আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবিক সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারকে জরুরি ভিত্তিতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশ নেপালের জনগণের পাশে রয়েছে। আমরা আশা করি, সম্মিলিত মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।




