
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জীবন মিয়া (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরের পরিসংখ্যান অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জীবন মিয়া বাঘাইছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার মোঃ ফরহাদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই (নিঃ) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল পরিসংখ্যান অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জীবন মিয়াকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।




