
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে।
(০৬ আগস্ট) বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকা থেকে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) তার পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং মাতা মোছাঃ মাজেদা বেগম।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলী মালিগাঁও (কাশিডাঙ্গা) গ্রামের বাসিন্দা,
গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, তিনি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ইন্টারনেট এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পোর্টাল ও ওয়েবসাইটে নিজের নামে তৈরি অনলাইন ক্যাসিনো আইডির মাধ্যমে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে অংশগ্রহণ করতেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে নিজ নামে নিবন্ধিত অনলাইন ক্যাসিনোর ৩৮টি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সাইবার স্পেস তথা মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনলাইন ক্যাসিনোতে অংশ নিয়ে অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির কারণে মানুষ চরম মানসিক বিপর্যয়ের মুখোমুখি হন বলেও তারা উল্লেখ করেন। এছাড়া অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ দিয়ে বিপুল পরিমাণ জমিজমা ও মূল্যবান সম্পদ কেনার অভিযোগ রয়েছে। এর ফলে কিছু পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল আরও জানান, “মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় অভিশাপ। তাই মাদক, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”




