sliderস্থানিয়

পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের লিজগ্রহীতা ও দাইপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোর গ্রামের লহলামারী পুকুরে গিয়ে তিনি বিপুল পরিমাণ মাছ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

গাজীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুজন আলী অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ৬০ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

তিনি আরও জানান, একই পুকুরকে কেন্দ্র করে তিন বছর আগেও বিরোধের জেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছিল। এবার তিনি ৭ লাখ ৫০ হাজার টাকায় পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তবে বিরোধের জেরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button