
মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় আগে থেকেই বিজিবি সদস্যরা ওঁত পেতে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্ত্রাসী একটি কালো রঙের ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, পিস্তলের ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, গোলাবারুদ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”




