
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম সংবাদদাতা: উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় হঠাৎ লোকালয়ের পাশে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ দেখা যাওয়ায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এ দৃশ্য দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগ সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চর কৃষামত ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে অজগরটি দেখতে পান স্থানীয়রা। খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ লোকজন সাপটি দেখতে পান। পরে সতর্কতার সঙ্গে সেটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগকে খবর দেওয়া হয়। তাদের দাবি, এ এলাকায় এর আগে এত বড় অজগর কখনো দেখা যায়নি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির পর বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
বন বিভাগ জানায়, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত হয়ে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। এতে সাপটিকে নিরাপদে উদ্ধার করে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।




