sliderস্থানিয়

তাজহাটে চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৪

রতন রায়হান, রংপুর: রংপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এরই ধারাবাহিকতায় তাজহাট থানার বিশেষ অভিযানে চোলাই মদসহ ৪ জন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মোসাদ্দেকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের ভোগরাম সাঁওতালপাড়া এলাকার মাটির সূচি পার্কসংলগ্ন একটি কলাবাগানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), মো. হাসানুজ্জামান রিপন (৪৮), মো. স্বপন ওরফে ভুট্টু (৩৫) এবং আনিছুর রহমান ওরফে আনিছ (৩২)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ‘SPEED’ লেখা ২৫০ মিলিলিটারের ৬টি বোতলে সংরক্ষিত মোট ১.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১,২০০ টাকা।

এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এমন ধারাবাহিক তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সচেতন মহল মনে করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button