sliderস্থানিয়

মানিকগঞ্জে প্রাথমিকে বৃত্তি পেলো ৭৭৭ শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার মানিকগঞ্জ জেলার ৭৭৭ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৩০৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৭১ জন। সাত উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে মানিকগঞ্জ সদর উপজেলায়।

রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩০৬ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৪৭১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৪০৯ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬২ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়,
মানিকগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
সিংগাইর উপজেলায় ১৩৮ জন,
সাটুরিয়ায় ১০১ জন,
হরিরামপুরে ১০০ জন,
ঘিওরে ৭৮ জন,
দৌলতপুরে ৭১ জন এবং
শিবালয়ে ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জে বর্তমানে ৬৫১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২১টি, দৌলতপুরে ১০০টি, সিংগাইরে ৯৭টি, হরিরামপুরে ৮৯টি, ঘিওরে ৮৫টি, সাটুরিয়ায় ৮০টি এবং শিবালয়ে ৭৯টি বিদ্যালয় রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সদর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেশি হয়েছে। পাশাপাশি নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তদারকি, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয়ভিত্তিক পরিকল্পিত প্রস্তুতির কারণে এবার জেলার ফল সন্তোষজনক হয়েছে।

তবে পিছিয়ে থাকা উপজেলার শিক্ষার্থীদের আরও ভালো ফল অর্জনের জন্য পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের কার্যকর তদারকি এবং বৃত্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button