কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৫৬০ কৃষককে আমন ধানের বীজ ও সার বিতরণ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে চলতি আর্থিক বছর ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজি, মরিচ বীজ, লেবুর চারা ও বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
২ জুলাই উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল সহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ এতে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, এই কর্মসূচির আওতায় মোট ৩হাজার ৫শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি জিএপি সার এবং ১৫ কেজি এম ও পি সার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন বলেন, সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, উপজেলায় নির্ধারিত সংখ্যক ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার সহায়তা দিচ্ছেন। এতে কৃষক দের উৎপাদনের খরচ কমবে, অপরদিকে চলতি মৌসুমে ধানের ফলন বৃদ্ধিতে ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। তাছাড়া তিনি কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহারের পরামর্শ দেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।




