sliderস্থানিয়

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকী পালিত, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নওমুসলিম যুবক শহীদ ওমর ফারুক ত্রিপুরা (রহ.)-এর ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান পার্বত্য জেলা শাখা।

ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল রানা এবং ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক তানভীর হোসেন ইমন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শহীদ ওমর ফারুক ত্রিপুরা পাহাড়ে ইসলামের প্রচার ও দ্বীনি দাওয়াতের কাজে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি দাবি করেন, ইসলাম গ্রহণ ও প্রচারের কারণে ওমর ফারুককে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারীরা তাঁর আদর্শ ও স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিশেষ অতিথিদের বক্তব্যে বলা হয়, ওমর ফারুক ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাঁর আত্মত্যাগ পাহাড়ে ইসলামের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, শহীদ ওমর ফারুক ত্রিপুরার জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানান।
অনুষ্ঠান শেষে শহীদ ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নওমুসলিম তরুণ আলেম মাওলানা আবু জাফর। এ সময় তিনি শহীদের জন্য দোয়া কামনার পাশাপাশি হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তারা বলেন, পাঁচ বছর পেরিয়ে গেলেও ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার বিচার সম্পন্ন হয়নি। তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দায়ীদের শাস্তি নিশ্চিত এবং পার্বত্য অঞ্চলে নওমুসলিমদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ জুন রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তুলাছড়ি এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক ত্রিপুরা নিহত হন। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button