পতাকা ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি, গবেষক, সম্পাদক ও সাহিত্যসেবী আল মুজাহিদীর ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, কবি আল মুজাহিদীর মৃত্যু বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা ভাষা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার গভীর অন্বেষণ তুলে ধরেছেন। তাঁর কবিতা ও সাহিত্যকর্ম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
তারা বলেন, কবি আল মুজাহিদী শুধু একজন সৃজনশীল কবিই ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাহিত্যসংগঠক ও সম্পাদক। দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি অসংখ্য নতুন লেখক ও সাহিত্যপ্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।




