sliderস্থানিয়

বাঘাইছড়িতে নিষিদ্ধ সময়ে আহরিত মাছ জব্দ, উন্মুক্ত নিলামে বিক্রি

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদে চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে আহরিত প্রায় ৪৬ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ জব্দ করেছে মারিশ্যা উন্নয়ন কর্পোরেশন। অভিযানে নৌপুলিশও অংশগ্রহণ করে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার উগলছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাছগুলো জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে বর্তমানে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী এ নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে মাছ শিকার ও বিক্রি করে আসছিল।

জব্দকৃত মাছ দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা এবং সরকারি সম্পদের অপচয় রোধে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। মারিশ্যা উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নিলামে মাছগুলো বিক্রি করা হয়।

নিলাম থেকে প্রাপ্ত ৭ হাজার ৯৭০ টাকা সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মারিশ্যা উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চন্দ্র হালদার বলেন, “মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বৃদ্ধি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা আইন অমান্য করে মাছ শিকার, পরিবহন কিংবা বিক্রির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button