
স্বীকৃতি বিশ্বাস, যশোর: ভারতের নবনিযুক্ত হাই কমিশনার-ডেজিগনেট শ্রী দীনেশ ত্রিবেদী ও তাঁর সহধর্মিণী শ্রীমতী মিনাল ত্রিবেদী বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে এগারোটায় পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশে আগমনের পর নোম্যান্সল্যান্ডে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে নবনিযুক্ত হাই কমিশনার-ডেজিগনেটকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান ডেপুটি হাই কমিশনার শ্রী পবন বঢ়েসহ ভারতীয় হাই কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন,আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।
ভারতীয় হাই কমিশনার-ডেজিগনেট দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আগমনকে দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব পালনের যাত্রা শুরু হলো।




