Uncategorized
দৌলতপুরে ১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম, ডিলার আটক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম করায় আশরাফুল হক মিন্টু (৩৮) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মানধারতা বাজার থেকে তাকে আটক করা হয়। মিন্টু উপজেলার শ্যামপুর এলাকার নবেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মিন্টু অবৈধভাবে ১০ টাকা দরের চাল স্থানীয়দের মধ্যে বিক্রি করে আসছিলেন। শুক্রবার দুপুরে রিপন মিয়া নামে এক ব্যক্তির কাছে ২০ টাকা কেজি দরে ৫০ কেজি বিক্রি করেন মিন্টু। ১০ টাকার চাল পাওয়ার কার্ড নেই এমন ব্যক্তির কাছে বেশি দামে চাল বিক্রি করায় মিন্টুকে আটক করে থানায় খবর দেয় স্থানীয় জনগণ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




