
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে ৫টি গরু চুরি মামলায় চোর চক্রের মুলহোতাসহ ৫ চোরকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
গ্রেপ্তারকৃত চোর চক্রের মুলহোতা বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু (৩৮), বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ (দক্ষিণপাড়া গ্রামের মোঃ তারাজুল ইসলাম(৩০), শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া)র মোঃ সজল মন্ডল (৩৯), একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার মোঃ নাজমুল হোসেন ওরফে নজমলের মোঃ ওমর সানি ওরফে সজিব (২৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়ার গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ শরিফুল(২৪)।
তিনি আরো বলেন, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালোপুর পাইকড়তলা গ্রামের রাসেল ইসলামের খামার থেকে ৫টি গরু চুরির মামলায় চোর চক্রের মুলহোতাসহ ৫ জনকে বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ মামলার দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক(এসআই) ডি কে তনয়ের তৎপরতায় তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।




