
বিশ্বের কোনো দেশের কোনো শক্তি কাশ্মিরের প্রতি পাকিস্তানের সমর্থন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি সোমবার তার দলের এক সভায় এমন মন্তব্য করেন। যা কাশ্মির নিয়ে ভারত- পাকিস্তানের দ্বন্দ্বে যোগ করলো নতুন মাত্রা।
নওয়াজ শরিফ উল্লেখ করেন যে, কাশ্মিরের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘কাশ্মিরে যা হচ্ছে, তা স্বাধীনতা সংগ্রাম। ভারত যদি সন্ত্রাসী তৎপরতা এবং স্বাধীনতা সংগ্রামকে এক করে ফেলে, তবে তারা ভুল করবে।’
এ দিকে ভারত মনে করে বেলুচিস্তানের মানুষ পাকিস্তান সরকার কর্তৃক নির্যাতিত হচ্ছে। ভারত তাই বেলুচিস্তানের স্বাধীনতার জন্য চেষ্টা করছে। বালোচ জনগণকে পাকিস্তান সরকারের প্রতি ক্ষেপিয়ে তোলার চেষ্টাও করছে ভারত। এ বিষয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘পাক- চীন অর্থনৈতিক করিডোর হচ্ছে। এটি সবচেয়ে লাভবান করবে বেলুচিস্তানকে।’
এ কথা বলে নওয়াজ শরিফ বোঝাতে চেয়েছেন যে, বেলুচিস্তানের জনগণের সঙ্গে সরকারের কোনো রকম ঝামেলা নেই। বরং সরকার বালোচ নাগরিকদের ভালোর জন্য অনেক কিছু করছে।
কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনে গত কয়েক মাসে অন্তত ১০০ জন কাশ্মিরি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে বুরহান মোজাফফর নামের এক জনপ্রিয় নেতাও আছেন। যতোই দিন যাচ্ছে, কাশ্মিরের স্বাধীনতাকামী নাগরিকরা ততোই বেশি করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন।




