জাতীয়শিরোনাম

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে

একটি চীনা কোম্পানির সাথে সার্ভিস লেনসহ ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রেসিডেন্ট ট্যাং কিয়াওলিয়াং এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানের সাথে রাজধানীর একটি হোটেলে এ চুক্তিতে স্বাক্ষরিত হয়।
সরকারি পর্যায়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে এবং মহাসড়কের উভয় পাশে সার্ভিস লেন থাকবে। এছাড়া অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন যানবাহন চলাচলের জন্য চার লেনের দুই পাশে আলাদা সার্ভিস লেন থাকবে বলে জানা গেছে।
সম্ভাব্য প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করবে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রকল্পটি চীন সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার পরও আমরা সার্ভিস লেনের অভাব বোধ করছি। এই দুই মহাসড়কে এখন নতুন প্রকল্প নিয়ে সার্ভিস লেন তৈরির চিন্তা-ভাবনা করছি।’
সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান জানান, প্রকল্পের আওতায় ছোট আকারের ৬০টি সেতু, ২৭টি বক্স কালভার্ট ও চারটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button