দ্বিতীয় ম্যাচেও লড়াই করতে পারলো না অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে রীতিমত বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় মাচেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে দাড়াতে পারলো না সফরকারী অস্ট্রেলিয়া। জোহানেসবার্গে রোববার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়াডেতে বিশ্বচ্যাম্পিয়নরা পরাজিত হয়েছে ১৪২ রানে।
আগের ম্যাচে অসিদের বিধ্বস্ত করার দায়িত্ব নিয়েছিলেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। আর রোববার যেন সেই দায়িত্বটা ভাগ করে নিলেন দলের অন্য ব্যাটসম্যানরা। আর তাতে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
নিয়মিত অধিনায়ক ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে দায়িত্ব কাধে নেয়া ডু প্লেসিস ৯৩ বলে ১১১ রানে ইনিংস। ১৬ বাউন্ডারি ছিল তার ইনিংসে।
এছাড়া ওপেনার রাইলি রুশোর ৮১ বলে ৭৫ ও জেপি ডুমিনির ৫৮ বলে ৮২ রানের ঝড়ো ইনিংসে আগে ব্যাট করে ৩৬১ রানের বিশাল সংগ্রহ দাড় করার স্বাগতিকরা। সফরকারীদের পক্ষে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন জন হাস্টিংস।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ১১৪ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ডেভিড ওয়ার্নার(৫০) ও ট্রেভিস হেড(৫১) ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৩৮ ওভারে ২১৯ রানে অল আউট হয় স্টিভ স্মিথের দল।
ওয়েন পারনেল ৪০ রানে ৩ টি উইকেট নিয়েছেন।




