
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ নভেম্বর সকাল ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ডের একটি হোটেলের বন্ধ বাথরুম থেকে একজন ড্রাইভারের মৃতদেহ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, কটিয়াদী জলসিড়ি বাস এক্সপ্রেসের একজন ড্রাইভার মোঃ শরিফুল ইসলাম (৫৫), সাকিন, কাপাশিয়া, রাত অনুমান ২ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তার কাছেই রক্ষিত ওষুধ খেয়ে ও সুস্থ না হওয়ায়, রাত ৩টার দিকে তার সহযোগী হেলপারকে নিয়ে অটোরিক্সা দিয়ে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে দেখে কিছু ওষুধ লিখে দেন। এ সময় আস্তে আস্তে সে কিছুটা সুস্থ অনুভব করতে থাকে। পরবর্তী সময়ে সে হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বাসস্ট্যান্ডে আসে। তারপর সে পার্শ্ববর্তী হোটেলের বাথরুমে ঢুকে বাথরুমের ছিটকিরি লাগিয়ে প্রকৃতির কাজ সম্পন্ন করে । দীর্ঘক্ষণ তার সহযোগী হেলপার তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বন্ধ বাথরুমে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে, কটিয়াদী মডেল থানায় খবর দেয়। পরে মডেল থানা কর্তৃপক্ষ সকাল দশটায় হোটেলে এসে বাথরুমের দরজা উপর দিক দিয়ে ভিতরে ঢুকে দরজা খুলে তাকে উলঙ্গ এবং মৃত অবস্থায় বাথরুম থেকে বের করে। পরে মৃতদেহটি কটিয়াদী থানায় এনে সুরতহাল করে, পোস্টমর্টেম এর জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



