Uncategorized

অভিনেতা বৈরাগী থানায় গিয়ে বললেন আমি নিখোঁজ নই

নিখোঁজ বা নিরুদ্দেশ হয়েছেন এমন খবরে কয়েকদিন ধরে মিডিয়ায় আলোচনায় আসা অভিনেতা ফখরুল হাসান বৈরাগী অবশেষে নিজেই ধরা দিলেন। হঠাৎ করে সোমবার থানায় পৌঁছে পুলিশ অফিসারকে বললেন আমি নিখোঁজ নই, কেরাণীগঞ্জে ছেলেদের বাসায় আছি।
ফখরুল হাসান বৈরাগীকে নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তিনি আজ কলাবাগান থানায় গিয়ে পুলিশের কাছে তার অবস্থানের কথা জানান। এসময় তার থানায় আসার খবর শুনে সাংবাদিকরাও সেখানে ছুটে যান।
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, আজ অভিনেতা ফখরুল হাসান বৈরাগী থানায় এসে হাজির হন। স্ত্রী রাজিয়া হাসান অভিনেতা বৈরাগীর দেড় মাস ধরে নিখোঁজ থাকার যে বিষয়টি জানিয়েছেন তা সঠিক নয়।
তিনি বলেন, বৈরাগী আমাদের জানিয়েছেন তিনি নিজের ছেলেদের বাসায় ছিলেন। রাজিয়া হাসানও তার স্ত্রী নন।
পরে ফখরুল হাসান বৈরাগী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমে তার নিখোঁজ হওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যমূলক। স্ত্রী পরিচয়ে রাজিয়া হাসান যে সংবাদ দিয়েছেন তিনিও আমার স্ত্রী নন।
তবে ওই নারীর (রাজিয়া হাসান) সাথে দীর্ঘদিন একত্রে থাকার কথা স্বীকার করে অভিনেতা ফখরুল হাসান বৈরাগী বলেন, আমি তার সাথে মোহাম্মদপুরে থাকতাম। সেখানে একটি ছেলে ও একটি পালক মেয়ে আছে। তার সাথে আমার বনিবনা হচ্ছিল না। আমি ধারণা করছি সে আমার ক্ষতি করতে পারে। তাই আমার পরিবারের ছোট ছেলেকে ফোন দিলে সে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে কেরানীগঞ্জের আঁটিবাজারে তার বাসায় নিয়ে যায়। সেখানে আমার দুই ছেলে থাকে। আমি নিজের ইচ্ছায়, স্বজ্ঞানে আমার আগের সংসারে চলে এসেছি। আমি নিখোঁজ নই, পরিবারের সাথে আছি।
তিনি বলেন, গত পরশুদিন আমি শুনি অনলাইনে আমার নিখোঁজের খবর দেয়া হয়েছে। তাই মনে করছি এটার প্রতিবাদ জানানো দরকার। যেহেতু এটি পারিবারিক ব্যাপার তাই আমি কাউকে জানানো দরকার মনে করিনি। আত্মীয়-স্বজনকেও সেভাবে জানাইনি। কাল পত্রিকায়ও আমার নিখোঁজের সংবাদ প্রকাশ হয়েছে। তাই আমি মনে করলাম এটার সমাপ্তি হওয়া দরকার।
বৈরাগী বলেন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রাজিয়া হাসান জোর করে আমার ছেলেদের আলাদা করে দেয়। এরপর থেকে আমি তার সাথেই ছিলাম। এই বয়সে আর তার সাথে থাকতে চাই না। আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবে আমি আমার এই দুই ছেলের সাথেই থাকতে চাই।
অভিনেতা ফখরুল হাসান বৈরাগী গত ৭ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন বলে তার স্ত্রী হিসেবে পরিচয় দানকারী রাজিয়া হাসান সংবাদ মাধ্যমে খবর দেন। এঘটনায় একটি জিডিও করেন থানায়। এতে উল্লেখ করা হয়, বোনদের সাথে সম্পত্তির দ্বন্দ্বের কারণে বৈরাগী নিখোঁজ হতে পারেন।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button