
পতাকা ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অন্তত ১৬ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন,
মানবজীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। মিরপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিরীহ শ্রমজীবী মানুষের প্রাণহানি আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নেতৃবৃন্দ আরও বলেন,
এই দুর্ঘটনা শুধু একটি অগ্নিকাণ্ড নয়, বরং এটি দেশের শিল্প ও নগর ব্যবস্থাপনার ভয়াবহ অব্যবস্থাপনার এক করুণ প্রতিচ্ছবি। রাসায়নিক দ্রব্যের গুদাম এবং পোশাক কারখানা একই ভবনে থাকার বিষয়টি অত্যন্ত বিপজ্জনক ও অবৈধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিরাপত্তা যাচাইয়ের ঘাটতি স্পষ্টভাবে এই দুর্ঘটনার জন্য দায়ী।
নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন,
১️ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২️ নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
৩️ রাজধানী ও অন্যান্য শিল্পাঞ্চলে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করতে হবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন,
দেশের প্রতিটি শ্রমিকই জাতির সম্পদ। শ্রমিকের জীবন ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আমরা সকল নাগরিককে আহ্বান জানাই,এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে।”
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন।



