
আলমগীর হোসেন,গাজীপুর প্রতিনিধি: কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ডেনিম কারখানার বিপরীতে বাদশা নগরের একটি ছয়তলা ভবন থেকে সজল ওরফে সোলায়মান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার বিকাল।
নিহত সজল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কসবা আটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ছয়তলায় থাকা তার রুমমেট রুমে ঢোকার জন্য ডাকাডাকি করলে সজল কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে ভবনের সিকিউরিটি তসলিমকে খবর দেওয়া হলে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার (এসআই) আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



