পাকিস্তানও পেয়ে গেলো টেন্ডুলকার

পাকিস্তানি ক্রিকেট গ্রেটরা নানা সময়ে তাদের ব্যাটসম্যানদের হাহুতাশ করেছেন। পাকিস্তান যুগে যুগে কতো কতো জগৎবিখ্যাত বোলারদের জন্ম দিলো, কিন্তু সে তুলনায় ব্যাটসম্যান হাতে গোনা। তবে এবার বোধহয় হাতেগোনা অসাধারণ ব্যাটসম্যানদের তালিকায় যোগ হলেন আরো একজন।
পাকিস্তানের কোচ মিকি আর্থার বললেন, তিনি একজনের মধ্য দেখতে পাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ছায়া। সেই একজন হলেন- আসাদ শফিক। মিকি আর্থার এর মধ্যেই ৩০ বছর বয়সী শফিককে পাকিস্তান দলের সেরা ব্যাটসম্যানের সনদ দিয়ে দিয়েছেন।
দিন কয়েক আগেই টেস্টর এক নম্বর দল হয় পাকিস্তান। তাদের এই ইতিহাস গড়া কীর্তির পিছনে দারুণ অবদান রেখেছেন শফিক। ওভাল টেস্টে তার একটি সেঞ্চুরির কল্যাণেই ড্র করে পাকিস্তান। আর ওই ড্র-ই তাদের পৌঁছে দেয় শীর্ষে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারের মতে, টেকনিকের দিক দিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে শফিকই এক নম্বর এবং তার এই টেকনিক অনেকটা শচিন টেন্ডুলকারের মতো। আর্থার সরাসরিই বলেছেন, তিনি শফিকের মধ্যে দেখতে পান টেন্ডুলকারের ছায়া।
আসাদ শফিকের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রশংসা নিশ্চয় এটিই। এখান থেকে প্রেরণা নিয়ে আসাদ যদি ঠিকঠাক তার ব্যাটিংটা করে যেতে পারেন, তারপরও অবশ্য শচিনের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা কমই, কিন্তু তারপরও ‘শচিনের মতো’ তকমাটা তার সঙ্গে থাকুক; এমন একটা দাবি হয়তো তিনি করতেই পারবেন।



