
কামরুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধ: দেশের পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিক ভূমিকা রাখায় ‘ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা–২০২৫’ অর্জন করেছেন রাঙামাটির তরুণ সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। তিনি তিন পার্বত্য জেলার প্রথম ট্যুর গাইড হিসেবে পরিচিত এবং আলোচিত গ্রন্থ “রূপের রানী”-এর লেখক। বর্তমানে তিনি আরটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মোট দশ জন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন রাঙামাটির সন্তান ইয়াছিন রানা সোহেল।
সোহেল দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ইতিহাস ও সম্ভাবনাময় পর্যটন খাত নিয়ে লিখে আসছেন। তার লেখা ও প্রতিবেদনে শুধু পর্যটনের সৌন্দর্যই নয়, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তা, স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। এর ফলে পাহাড়ি অঞ্চলের পর্যটন বিকাশে তার লেখনী একটি শক্তিশালী ভূমিকা রাখছে বলে আয়োজকরা উল্লেখ করেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন রানা সোহেল বলেন। এই স্বীকৃতি শুধু আমার নয়, পুরো রাঙামাটির মানুষের জন্য। পাহাড়ের সৌন্দর্য, মানুষের জীবন ও সংস্কৃতি তুলে ধরা আমার পেশাগত দায়িত্ব। এ অর্জন আমাকে আরও দায়বদ্ধ করবে।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা মনে করছেন, এই অর্জন রাঙামাটির সুনাম আরও বৃদ্ধি করেছে। তরুণ সাংবাদিক হিসেবে ইয়াছিন রানা সোহেলের পথচলা ভবিষ্যতে দেশের পর্যটন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাদের প্রত্যাশা।




