
রতন রায়হান, রংপুর: ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের হারাগাছ পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুকের নেতৃত্বে এ র্যালি শুরু হয়। র্যালিটি হকবাজার, সারাইবাজার, পাইকারবাজার, নতুনবাজার, দালালহাট, মায়াবাজার, মেনাজবাজার, মিয়াপাড়া ও আমবাগানসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে রংপুর জেলা বিএনপির সদস্য ফিরোজ রশিদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন (দাজু), সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও তাতী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো র্যালি জুড়ে ছিল দলীয় স্লোগানে মুখরিত পরিবেশ ও ফ্যাসিবাদবিরোধী ব্যানার-প্ল্যাকার্ড। র্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে মোনায়েম হোসেন ফারুক বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে থেকেছি—আন্দোলন করেছি, মামলা-জেল খেটেছি। হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় আমাদের জন্য শুধু গৌরব নয়, এটি রক্ষার দায়িত্বও বহন করে। আমরা সেই দায়িত্ব পালন করব এবং যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে আমাদের সংগ্রাম চলমান থাকবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটিই বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ।”




