অর্থনৈতিক সংবাদশিরোনাম

অর্থ সন্ত্রাসীদের কবল থেকে সরকারকে মুক্ত করতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, জঙ্গি সমস্যাতো আছেই। তার উপর অর্থ সন্ত্রাসীরা সরকারকে পাহারাদারের মতো ঘিরে রেখেছে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জঙ্গি নির্মূলের পাশাপাশি অর্থ সন্ত্রাসীদের কবল থেকে সরকারকে মুক্ত করতে হবে। আর ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জঙ্গি দমন না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য জঙ্গি দমন করতেই হবে।
জাতীয় প্রেস ক্লাবে বুধবার ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন শক্তিশালীকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. রেজাউল করিম। বক্তব্য রাখেন, ঢাকা স্কুল অব ইকনোমিক্সের (ডিএসই) সভাপতি অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিআইডিএসের প্রফেসরিয়েল ফেলো ড. মো আসাদুজ্জামান, আরটিএমের চেয়ারম্যান ড, আহমেদ আল কবীর, এমিনেন্সের সিইও ড. মো. শামীম হায়দার তালুদকার ও বিইউপির নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু।
খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, শুধু জঙ্গি সন্ত্রাসের কথা বলা হচ্ছে। কিন্তু অর্থ সন্ত্রাসীদের কথা বলা হচ্ছে না। এই অর্থ সন্ত্রাসীরা সরকারকে ঘিরে রেখেছে। প্রতিক্রিয়াশীলদের প্রভাবে জনগণের ক্ষমতায়নে বাধা সৃষ্টি হচ্ছে। এতে এসডিজিতে প্রভাব পড়বে এবং তা বাস্তবায়ন সম্ভব হবে না।
তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন হলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের সংবিধানে লেখা আছে জনগণ রাষ্ট্রের মালিক। সরকারের দায়িত্ব আস্তে আস্তে জনগণের ক্ষমতায়ন করা। তবেই খুব সহজেই এসডিজি বাস্তবায়ন সম্ভব।
সাবেক ডেপুটি গভর্নর বলেন, এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকারের ক্ষমতায়ন গুরুত্বারোপ জরুরি। স্থানীয় সরকারকে ক্ষমতায়িত ও শক্তিশালী করতে হবে। তবেই দেশ এসডিজি অর্জনে অনেকটা এগিয়ে যাবে। দেশে একমুখী শিক্ষাব্যস্থা চালু এবং স্থানীয় সরকারকে স্বাধীন করতে হবে।
ড. খলীকুজ্জামান আহমদ বলেন, জঙ্গি দমন না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য জঙ্গি দমন করতেই হবে। আর এ লক্ষ্য পূরণে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবারসহ সব সেক্টরকেই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসতে হবে এবং সরকারকে সে ব্যবস্থা করতে হবে। উন্নয়নে প্রশাসনকে জনমুখী করতে হবে।
তিনি বলেন, ব্যবসা বাণিজ্যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। তাদের ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত না করতে পারলে এসডিজি বাস্তবায়ন করা যাবে না।
তিনি বলেন, মানুষের কল্যাণে যে অর্থ ব্যয় করা হতো, এখন সেই অর্থ অস্ত্র কেনার কাজে ব্যবহার হচ্ছে।
ড. মো. আসাদুজ্জামান বলেন, এসডিজি অর্থ সংস্থানের জন্য বাংলাদেশ ব্যাংককে আকর্ষণীয় সুদে ট্যাক্স ফ্রি বন্ড ছাড়তে হবে। তাহলে সরকারের অর্থের চিন্তা করতে হবে না, জনগণই অর্থের সংস্থান করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button