ব্যবসায়ী অহনা রহমান

অন্য অনেক তারকার মতো এবার ব্যবসায়ী হিসেবে নিজের পরিচয় মেলে ধরেছেন অভিনেত্রী অহনা রহমান। অহনা’স ইভেন্ট নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে চলতি মাসেই অহনার হাত ধরে। এরই মধ্যে বেশ কয়েকটি ইভেন্ট বেশ সফলতার সাথে তিনি শেষও করেছেন।
হঠাৎ ব্যবসার সাথে নিজেকে জড়ানো প্রসঙ্গে অহনা রহমান বলেন, ‘আমি মনে করি শিল্পীদের অভিনয়ের পাশাপাশি কিছু একটা করা উচিত। তাতে স্বাবলম্বী থাকা যায়। তা ছাড়া যেহেতু আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের পর যদি শ্বশুরবাড়ি থেকে আমার অভিনয় করা নিয়ে আপত্তি থাকে তখন এই ব্যবসা নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে পারব। কারণ আমি সব সময়ই আত্মনির্ভরশীল একজন মানুষ। তাই বিয়ের পরও যেন নিজেকে নিজেই সঠিকভাবে চালাতে পারি, সেই ভাবনা থেকে নিজেকে ব্যবসার সাথে সম্পৃক্ত করলাম।’
অহনা আরো জানান, শিগগিরই তিনি রাজধানীর উত্তরায় একটি বিউটি পার্লারও উদ্বোধন করবেন। কিছু দিনের মধ্যেই তিনি সবাইকে জানান দিয়ে এর যাত্রা শুরু করবেন।




