ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের দিনভর বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে একটি সিরামিক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
গতকাল বুধবার উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ায় অবস্থিত প্রতীক সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে। পরে সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর শ্রমিকরা কারখানার সামনে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির আশ^াস দিলে শ্রমিকরা বাসায় চলে যান।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, সকাল ৮টার দিকে কারখানায় আসেন প্রায় দেড় হাজার শ্রমিক। এরপর শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে প্রথমে কারখানার ভেতরেই কর্র্মবিরতি শুরু করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এতে কোন কর্ণপাত না করায় দুপুর ১২টার দিকে শ্রমিকরা কারখানা–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টা বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কারখানার একাধিক কর্মকর্তা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার আশ্বাস দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বলেন। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যা ৭টায় কারখানা কর্তৃপক্ষ বেতন-ভাতা বৃদ্ধির আশ^াস দিলে শ্রমিকরা বাসায় চলে যান।
কারখানার এক নারী শ্রমিক বলেন, গার্মেন্টসে বেতন বাড়ছে। তাঁরা বেতন পায় ১২ হাজার ৫০০ টাকা। আমার চাকরির বয়স ৬ বছর। এখনো আমাগো ৬ হাজার টাকা বেতন দেয়। এই টাকা দিয়ে ঘরভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কোনো কিছুই ঠিকমতো করতে পারি না। কষ্ট কইরা চলতাছি। আমাদের বেতন বাড়াইতে হবে।
শ্রমিকরা আরও বলেন, কারখানার ম্যানেজার আকরাম হোসেন কারণে-অকারণে শ্রমিকদের গালিগালাজ ও মারধর করেন। মাসের বেতন ৫ তারিখের পরিবর্তে ১৮ তারিখে দেওয়া হয়। সঙ্গে মোবাইল পেলেই একদিনের বেতন কেটে রাখা হয়। বেতন-ভাতা বৃদ্ধি ও নির্যাতন বন্ধসহ আমাদের ১১ দফা দাবি না মানলে কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবো।
প্রতীক সিরামিক কারখানার ম্যানেজার আকরাম হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ বেতন-ভাতা বৃদ্ধির আশ^াস দেওয়ায় শ্রমিকরা সন্ধ্যায় বাসায় চলে গেছেন।



