
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতো বাংলাদেশকে একটি মডারেট মসুলিম রাষ্ট্র হিসাবে চায়। তারা কোনোভাবেই চায় না বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকুক। আর এজন্যেই বাংলাদেশে কোনো জঙ্গী ঘটনা ঘটলে তার সাথে আমেরিকা আইএসের সম্পৃক্ততা খুঁজে পায়। তবে এদেশে আই এসের অনুগামী আছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেনন এ কথা বলেন।
মেনন আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে চায় সাম্রাজ্যবাদী শক্তি। মৌলবাদী শক্তিকে তারাই মদদ দিচ্ছে। তবে শত চাপ, সীমাবদ্ধতা নিয়ে ১৪ দলের সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী যে অবস্থা তৈরি হয়েছে তাকে আরো সুদৃঢ় করতে হবে। তিনি এজন্য সকল প্রগতিশীল গণতান্ত্রিক বামপন্থী শক্তিসহ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
৭২ এর সংবিধানের মূল ভিত্তির উপর দাঁড়িয়ে জামায়াতকে ছেড়ে দিয়ে বিএনপি যাতে জনগণের পক্ষে দাঁড়াতে পারে, সংবাদ সম্মেলন থেকে সেই আহ্বান জানান মেনন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে পার্টির পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২রা আগস্ট বেলা ৪টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদী বিরোধী সমাবেশ ও র্যালি। ৬ আগস্ট প্রতিটি জেলা শহরে পার্টির উদ্যোগে জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশ ও র্যালি। ১৪ দলঘোষিত জঙ্গীবাদবিরোধী সকল কর্মসূচিতে পার্টির অংশগ্রহণ। ২০ আগস্ট-৩০ সেপ্টেম্বরের মধ্যে কৃষক-খেতমজুর-শ্রমিক, নারী, যুব, ছাত্র গণসংগঠন সমূহের উদ্যোগে ধারাবাহিক জঙ্গীবাদ বিরোধী কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট রাশেদ খান মেনন হত্যাচেষ্টা দিবসে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী দিবস পালন। ২০ আগস্ট-৩০ সেপ্টেম্বরের মধ্যেজঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক কর্মসূচি ৭ বিভাগে দিনব্যাপী জঙ্গিবাদ বিরোধী গণসঙ্গীত, নাটক, গান, কবিতা অনুষ্ঠান।




