মসজিদের অজুখানা থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পূর্ব পাড়া গ্রামের নূরে এলাহি জামে মসজিদের ওযুখানায় অজ্ঞাত পরিচয় এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু পাওয়া যায়।
৪ এপ্রিল রাত একটার দিকে স্থানীয় লোকজন মসজিদে শিশু ক্রন্দনের আওয়াজ পেয়ে মসজিদে ঢুকে ওযুখানায় পিতৃ পরিচয়হীন এই নবজাতক ছেলে শিশুটিকে দেখতে পেয়ে হোসেনপুর থানায় খবর দিলে থানা কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে উৎসুক জনতা নবজাতক শিশুটিকে দেখতে হাসপাতালে ভির জমায় এবং প্রায় শতাধিক লোক নবজাতক শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাসপাতালে এসে উদ্ধারকৃত নবজাতকের খোঁজখবর নেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
অপরদিকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:তানভীর হাসান জিকু বলেন আমরা বাচ্চাটিকে ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য একটি কেবিন বরাদ্দ করেছি । আমরা ২৪ ঘন্টাই তার চিকিৎসা পর্যবেক্ষণ করছি এবং বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে। ডা:তানভীর হাসান জিকোআরো বলেন নবজাতকটি পাঁচ থেকে সাত দিন বয়সের হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের কোন পরিচয় পাওয়া যায় নি।




