সখীপুরে গণধর্ষণের মামলায় ৫ জনের রিমান্ড

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ রায় ঘোষণা করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন বুলবুল আহমেদ (২৪), লাবু মিয়া (২৬), মোহাম্মদ বাবুল (৩০), আসিফ হোসেন (২৩) ও শফিক আহমেদ (২৫)। এছাড়া মোজাম্মেল হক (৩০) নামের এক আসামি শুক্রবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া চাঁদের হাট বেড়াতে গিয়ে ফেরার পথে আসামিরা এক দম্পতিকে আটক করে গজারিবনে নিয়ে যায়। এ সময় স্বামীকে বেঁধে গণধর্ষণ করা হয় ওই নারীকে। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্বামীকে সাথে নিয়ে ওই নারী সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই ধর্ষণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করে। ওই নারী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বলেন, শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।




