sliderরাজনীতিশিরোনাম

এক দফার আন্দোলনে সংহতি : ১৪ জুলাই এবি পার্টির বিক্ষোভ

পতাকা ডেস্ক : ‘ফ্যাসিবাদী সরকারের পদত্যাগে এক দফা আন্দোলনের প্রতি সংহতি ও রাষ্ট্র মেরামতের অঙ্গীকারসহ এবি পার্টি ঘোষিত ২ দফা’র ভিত্তিতে সব দলের ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শুক্রবার (১৪ জুলাই) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বুধবার (১২ জুলাই) দুপুরে ঢাকার বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
এবি পার্টি’র আহ্বায়ক সাবেক জনপ্রশাসন সচিব এএফএম সোলায়মান চৌধুরী মিডিয়া ব্রিফিংয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবির প্রতি আমার বাংলাদেশ পার্টি সংহতি প্রকাশ করছে। সেইসঙ্গে এবি পার্টি রাষ্ট্র মেরামতের রূপরেখা নির্ধারণ করে তা বাস্তবায়নে সব দলের ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। শুধু সরকার পরিবর্তনেই এই রাষ্ট্রের কোনও পরিবর্তন অতীতে সাধিত হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। তিনি রাষ্ট্র মেরামতে সবে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগামী শুক্রবার রাজধানীতে বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে লিখিত বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, ‘‘গত বছরের ডিসেম্বর মাসে এবি পার্টির পক্ষ থেকে ‘দুই দফা’র দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সেই ‘দুই দফা’ ছিল— অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামত ও রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা।’
বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে শামিল না হয়েও চলমান আন্দোলনে স্বতন্ত্র অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সংগ্রামরত সব রাজনৈতিক শক্তিকে একযোগে রাজপথে নামতে হবে। আমরা অধিকার সচেতন একটি গণতান্ত্রিক সংগ্রামের স্বতন্ত্র ধারা গড়ে তুলতে চাই, তাই অবাধ ও সুষ্ঠু ভোট, জনপ্রতিনিধিত্বশীল সরকার ও গণতন্ত্রের চলমান সংগ্রামের এই পর্বে কারও মুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবেই সবার অংশগ্রহণ করা উচিত বলে মনে করি। ফলে আমাদের দল নিজস্ব নীতি ও পরিকল্পনার আলোকে অতীতের মতো স্বাতন্ত্র্য বজায় রেখে ‘এক দফা’র প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ‘দুই দফা’ দাবিতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।’’
১৪ জুলাই, শুক্রবার বিকাল ৩টায় বিজয়-৭১ চত্বরে এবি পার্টি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির মধ্য দিয়ে নতুন ধারার আন্দোলনের সূচনা’র আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button