সোনাগাজীতে সড়ক অবরোধ করে শান্তি সমাবেশ

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগ শান্তি সমাবেশকে কেন্দ্র করে পৌর শহরের জিরো পয়েন্টে তৈরি করেছে সমাবেশ মঞ্চ। তিন রাস্তার মোড়ে সড়কের মাঝখানে তৈরি করা হয় ২০ ফুট ও ৩০ ফুটের মঞ্চ। পূর্ব-পশ্চিমে তৈরি সমাবেশ মঞ্চটির সামনে উত্তর দিকে ফেনী সড়ক।
উপজেলা শহরের পশ্চিম দিকে ওলামা বাজার ও নোয়াখালী সংযোগ সড়ক। পূর্ব দিকেসোনাপুর বাজার ও মুহুরী প্রজেক্ট হয়ে অর্থনৈতিক অঞ্চল। শহরের জিরো পয়েন্টে মঞ্চটি তৈরি করার ফলে সামনের দিকে ফিনে সড়কে সমাবেশে আগত ছাত্রলীগ কর্মীতে লোকে লৌকারণ্য হয়ে যায়। ফলে শহরের কেন্দ্রস্থল দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন স্থান থেকে আসা লোকজন। শহরে ঢোকার প্রধান সড়কে সমাবেশ করার ফলে বাস-সিএসজি এক কিলেমিটার আগে নামিয়ে দেন যাত্রীদের। ভোগান্তিতে পড়েন বয়োবৃদ্ধ নারী ও শিশুরা। বিকল্প সড়ক না থাকায় অনেক কষ্ট করতে হয় আগত লোকজনের।
ফেনী থেকে আগত সুপিয়া খাতুর নামে এক নারী বলেন, শহর থেকে আধা কিলোমিটার দূরে সিএনজি নামিয়ে দেয়। দুই বাচ্চা নিযে পড়েছি বিপাকে, সমাবেশের মাঝখান দিয়ে যেতে সময় লাগবে ৩০ মিনিট। তাও বাচ্চাদের কোলে নিয়ে হেঁটে যেতে হবে।
রোববার (৯ জুলাই) বিকেলে পৌর-শহরের জিরো পয়েন্টে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। সমাবেশ উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইমুন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাখায়াতুল হক বিটু, পৌর সভাপতি সেলিম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, কৃষকলীগ সভাপতি নুর আলম। আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শাহীন, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মীর এমরান, পৌর সভাপতি হেলাল উদ্দিন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, সমাবেশ চলাকালীন আমাদের স্বেচ্ছাসেবকরা যান চলাচলে সহযোগিতা করেছে। কোথাও কোনো সমস্যা হয়েছে বলে আমি শুনিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, শহরের জিরো পয়েন্টে মঞ্চ তৈরি করার ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। ভবিষতে আমরা সমাবেশগুলো অন্যত্র করার চিন্তা করছি।




