গাঁজার আগুনে খড়ের পালায় অগ্মিকান্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : প্রাথমিকভাবে বিড়ি-সিগারেটের আগুন থেকে ধারনা করা হলেও স্থানীয় লোকজন বলছেন গাঁজাখোরদের আগুন থেকেই খড়রে পালায় অগ্মিকান্ডের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছোট রামকান্তপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত সামাদের ছেলে মনিরের বাড়ির ঘরের পাশের পতিত জায়গায় খড়ের পালাতে আজ মঙ্গলবার ভোর রাতের দিকে এ অগ্মিকান্ডের ঘটনা ঘটে। খড়ের পালার মালিক ভূক্তভোগী কৃষক সিদ্দিক ও স্থানীয় লোকজন জানান, পাশের বাড়ির বাশার মাস্টারের বাড়ির লোকজন ফজরের নামাজের জন্য অযু করতে উঠলে এ সময় মনিরের ভিটায় খড়ের পালায় দাউদাউ আগুন জ্বলতে দেখতে পেয়ে লোকজনকে ডাকাডাকি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। স্থানীয় লোকজনের কথোপকোথনে জানা যায়, ঐ এলাকায় গাঁজা খোরদের আড্ডা বিরাজমান। ধারণা করা হচ্ছে মধ্যরাত অনুমান ২টা থেকে ৩টার দিকের কোন এক সময় গাজাঁ খোরদের আগুন থেকে অথবা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্মিকান্ডের সূত্রপাত ঘটেছে। ছোট রামকান্তুপুর উত্তরপাড়া এলাকার আঃ রশিদের ছেলে খড়ের পালার মালিক সিদ্দিক(৪৫) জানান, উত্তর পাড়ায় তার নিজের বাড়ি। দক্ষিণ পাড়ার মৃত সামাদ হোসেনের ছেলে মনির হোসেন স্বপরিবারে শহরে বসবাস করেন বেশ কয়েক বছর ধরে। তারা কেউ এ বাড়িতে বসবাস করেন না। তাই তাদের ঘরের পাশের পতিত জায়গায় দুই দিন আগে খড়ের পালা স্থাপন করেছিলেন। তার খাড়ের পালার সাথে আরেকটি খড়ের পালা স্থাপন করেছিলেন একই গ্রামের মৃত আকবরের ছেলে পান্নু(৪৫)। অগ্মিকান্ডে তাদের দু’জনের মিলে অনুমান ৫০ থেকে ৬০ হাজার টাকার খড় আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে। ঘিওর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার মীর আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের আটজন কর্মী প্রায় তেত্রিশ মিনিট ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্মিকান্ডের সূত্রপাত ঘটেছে।




