slider

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৪

ফেনী প্রতিনিধি : ফেনীতে মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল। এ সময় চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

রোববার (১৮ জুন) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গ্রিন টাওয়ারের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিছিলে যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, সাইফুল ইসলাম জিকু, দফতর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সদর উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলামসহ নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

সূত্র আরো জানায়, মিছিলটি ইসলামপুর রোড়ের মাথায় পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। বাকবিতন্ডার একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে জেলা ছাত্রদলের ধর্ম সম্পাদক রিয়াদ মজুমদার, সদর উপজেলা সদস্য সচিব নজরুল ইসলাম ও দাগনভূঞা উপজেলা আহ্বায়ক সাইমুন হক রাজীবসহ ১৫ থেকে ২০ জন আহত হয়। এ সময় পুলিশ মিছিল থেকে ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, ছাত্রদল কর্মী শরিফ, জসিম, হৃদয়কে গ্রেফতার করে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন অভিযোগ করে বলেন, পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করলে কমপক্ষে ২০ জন আহত ও চার নেতাকর্মীকে গ্রেফতার করে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক বিবৃতিতে জেলা ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গ্রেফতারের নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতার সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: নিজাম উদ্দিন জানান, গ্রেফতার চারজন বিভিন্ন মামলার আসামি। বেশ কিছুদিন ধরে পুলিশ তাদের খুঁজছিল। মিছিল শেষে তাদের গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button