গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত, সম্পাদক রনি

গাজীপুর প্রতিনিধি : সাবেক কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা শওকত হোসেন সরকারকে সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম অধ্যাপক এম এ মান্নানের একমাত্র ছেলে এম মঞ্জুরুল করীম রনিকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর বিএনপির নয়া কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ জুন) দুপুরে নগরীর বসিন থানার টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির রির্টানিং অফিসার অ্যাডভোকেট গাজী কামরুজ্জামান ইসলাম সজল।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালিযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী রির্টানিং অফিসার অ্যাডভোকেট জাকিরুল ইসলাম এবং সহকারী রির্টানিং অফিসার অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন।
অ্যাডভোকেট গাজী কামরুজ্জামান ইসলাম সজল জানান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুন দু’টি পদে দু’জন ছাড়া অন্যান্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শওকত হোসেন সরকার সভাপিত এবং এম মঞ্জুরুল করীম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।



