নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে ইমন হোসেন (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার জগদ্বীশপুর বাড়িয়াহাটি শ্বশান ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইমন একই এলাকার প্রবাসী জাহিদুল ইসলামের ছেলে ও সাধনপুর পঙ্গু নিকেতন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রাতে ইমন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিল। পথে জগদ্বীশপুর বাড়িয়াহাটি শ্বশান ঘাট এলাকায় পৌছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার সময় আশপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় এই দূর্ঘটনা ঘটে। এসময় ইমনের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এর আগে একই স্থানে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়।




