তালতলীতে খাল থেকে মরদেহ উদ্ধার

মাহতাবুর রহমান, তালতলী : বরগুনা জেলার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিন নলবুনিয়া গ্রামের একটি খাল থেকে ০৫ এপ্রিল বেলা ৩টায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে মৃত ওই নারী দক্ষিণ নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী ও একই এলাকার মৃত নিহাল উদ্দিন চৌকিদারের মেয়ে মোসা. সাফিয়া বেগম (৫০)।
মৃতের স্বজনেরা জানান সোমবার রাত ৯টার দিকে সন্তানের পায়ের নূপুর তৈরি করার টাকা জোগাড় করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তারপর থেকে নিখোঁজ ছিলেন সাফিয়া বেগম। নিহতের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কেউ হত্যা করে খালে ফেলে দিয়েছে।
আজ দুপুরে দক্ষিণ নলবুনিয়ার একটি খালে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তালতলী থানা পুলিশকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কিভাবে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




