বরগুনায় ভাষা শহীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

মাহতাবুর রহমান, বরগুনা : বরগুনা জেলা সদর সহ ৬ উপজেলায় আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে “৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার” বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করলে শহীদ হন রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ আরো অনেক মেধাবী তরুনরা।
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে রাত বরগুনা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ঃ০৫ মিনিটে বরগুনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুর রহমান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন৷ এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শুভ্রা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ফয়সাল আহমেদ ও বরগুনা জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। বরগুনা জেলার অন্যান্য সরকারি দফতরের প্রধানগণ ও সর্বস্তরের জনগণ এই সময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
জেলার অন্যান্য উপজেলাতে ২০ ফেব্রুয়ারি রাত ১১ টা থেকেই শহীদ বেদীতে জড়ো হতে থাকেন নানান শ্রেণির মানুষ। সকলে গাইতে থাকেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি। একে একে র্যালি আসতে থাকে শহীদ মিনার প্রাঙ্গণে। উপজেলা পরিশোধ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি সংগঠন, স্কুল, কলেজ, ও সর্বস্তরের জনগণ একুশে ফেব্রুয়ারি রাত ১২ টার পর থেকে একে একে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ২১ ফেব্রুয়ারি ভোরে জেলার সকল প্রেসক্লাব প্রভাত ফেরির আয়োজন করে। এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন গণমাধ্যমকর্মী সহ সকল স্তরের জনগণ।




