মাধবপুরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রবিবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়া ইউপির রতনপুর জামিয়া আরাবিয়া হাবিবীয়া টাইটেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী ফাহিমা আক্তার (১৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের সফল মিয়ার মেয়ে। সে ওই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ফাহিমা আক্তার সকলের অগোচরে ওই মাদ্রাসার বাথ রুমের দরজা বন্ধ করে ভেন্টিলেটর এর রডের সাথে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। তার ছোট বোন আকিমা আক্তারও (১১)একই মাদ্রাসার ছাত্রী। আরও জানা যায়, গত দুইমাস আগে ফাহিমা আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়লে চুনারুঘাট উপজেলার এক কবিরাজের কাছ থেকে তাবিজ ও তেল পড়া এনে চিকিৎসা করান।
ঘটনার দিন ফাহিমাকে অনেক খোঁজাখুজির পর বাথরুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



