সাভারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার সাভারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর হৃদয় মাহমুদের (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এঘটনায় আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে সাভার সুপার মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার (০৭ আগস্ট) সকাল ১১ টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি খাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রাত ৯ টার দিকে প্রায় ৭ বন্ধু মিলে ওই খালে নৌকায় করে ঘুরতে যায়। এসময় নৌকাটি ডুবে যায়।
নিহত হৃদয় মাহমুদ সাভার সরকারি কলেজের স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ছায়াবিথি এলাকার আলমাস আলীর ছেলে।আলমাস আলী সাভার সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করেন। অসুস্থ অপর দুইজন হলেন- নাইম (২৪) ও শামীম (২৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ৯ টার দিকে হৃদয়, শামীম ও নাইমসহ ৭ বন্ধু জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বিলে নৌকা নিয়ে ঘুরতে যায়। এসময় তাদের নৌকাটি ডুবে যায়। পরে একে অপরের সহায়তায় সবাই তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাতে নিখোঁজ হৃদয়কে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে সকাল ১১ টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আবু বকর সিদ্দিক জানান, রাত বেশি হওয়ায় আমরা উদ্ধার কাজ করতে পারিনি। আজ সকালে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ হৃদয়ের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
এদিকে সাভার সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় মাহমুদের অকাল মৃত্যুতে আলাদা আলাদা শোক বার্তা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মো: মুরাদ শেখ ও সাধারণ সম্পাদক শাহ আলী এবং সাভার সরকারি কলেজ শাখার সভাপতি নাঈম ও সাধারন সম্পাদক কাজী সিয়াম।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিকদার হারুন অর রশিদ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ।




