বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার বৈদ্যনাথপুর ও বাঁশপুকুর গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিসহ হয়রানির প্রতিবাদে বিক্ষভ মিছিল ও সমাবেশ করেছে জীবন ও সম্পদ রক্ষা কমিটি।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে চার দফা দাবিতে বড়পুকুরিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বড়পুকুরিয়া বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো: ইব্রাহিম খলিল।
এতে বক্তব্য রাখেন পার্বতীপুর ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানউল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য রুহুল আমিন মণ্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, একরামুল হক প্রমুখ।
এ সময় বক্তারা চার দফা দাবিসমূহ উল্লেখ করে বলেন, খনি এলাকায় গত ৩-৪ বছরপূর্বে ক্ষতিপূরণের কার্যক্রম শুরু হলেও অজ্ঞাত কারণে বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। তারা বলেন, বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ করতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকার ফাটল ধরা ঘর-বাড়ি ভেঙে কোনো প্রাণহানি হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। এ সময় ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।




