মামার হাতে ভাগ্নে খুনের প্রধান মামাসহ চারজন গ্রেফতার
রংপুর ব্যুরোঃ চাঞ্চল্যকর নীলফামারী জেলার ডিমলায় মামার হাতে ভাগ্নে মাসুম মিয়া খুনের প্রধান মামাসহ চারজনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
আজ সোমবার সকালে রংপুর মহানগরীর আলম নগর র্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, উপ-অধিনায়ক মেজর মইদুল ইসলাম। তিনি জানান, র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী-মামা মোঃ শের আলী ২নং আসামি ফকির উদ্দিন ৩ নং আসামি মোছাঃ সুরিতা বেগম এবং ০৫নং আসামী মোছাঃ মালেকা বেগমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি হত্যার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। র্যাব জানায়, এর আগে গত ২০ জুলাই ২০২২ তারিখ বুধবার নীলফামারী জেলার ডিমলা থানাধীন পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে পারিবারিক জমির সীমানার জের ধরে আপন মামার হাতে তার ভাগ্নে খুন হয়। এই ঘটনায় একইদিন ডিমলা থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন মৃতের বাবা মনোয়ার। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।



