slider

ধামরাইয়ে পালক ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বাবার, ছেলেসহ আটক ২

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জমি জমার বিরোধকে কেন্দ্র করে পালক ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবা দেলোয়ার হোসেন দিদারের (৬৮)। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল বোচারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ঘাতক পালক ছেলে সোহেল হোসেন (৪৩) ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে (৩৭) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধামরাইয়ের বোচারবাড়ি গ্রামের মৃত কালু দেওয়ানের ছেলে দেলোয়ার হোসেন দিদার বিয়ের পর প্রথম স্ত্রীর কোন সন্তান না হওয়ায় প্রায় ৪৩ বছর আগে সোহেল হোসেন নামে এক ছেলেকে পালক আনেন। এরপর গত ২০ বছর আগে দিদার আবার দ্বিতীয় বিয়ে করেন। ওই ঘরে তার দুই সন্তান রয়েছে। এরপরই সোহেল তার বাবার কাছে জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরেও বাড়ির রাস্তা দখল করে সোহেল হোসেন নিজের জন্য টিনের ঘর নির্মাণ শুরু করেন। এতে দিদার বাঁধা দেন। কথাকাটাকাটির এক পর্যায় সোহেল তার বাবাকে প্রথমে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন দিদার মারা যান। এ ঘটনার পরই এলাকাবাসী ঘাতক সোহেল ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে আটকের পর পুলিশে খবর দেন। পরে পুলিশ বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ সোহেল হোসেন ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করে থানায় নিয়ে যান।
ধামরাই থানার এসআই সেলিম রেজা বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করেই দেলোয়ার হোসেন দিদারকে শাবলের আঘাতে হত্যার অভিযোগে তার পালক ছেলে সোহেল ও পুত্রবধূ সোনিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button