“কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ইসলাম” শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দুর্নীতি, জুলুম, দুঃশাসন মুক্ত একটি উন্নত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নাই। কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে দেশে স্থায়ী শান্তি আসতে পারে না, বর্তমান বাংলাদেশে যার বাস্তব উদাহরণ । স্বাধীনতার পরবর্তী সময়ে যারা দেশ শাসন করেছে তারা দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভারের জিলিয়ান রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার মিলনায়তনে আয়োজিত বিশিষ্ট আলেম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজকর্মী, ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে “কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ইসলাম”শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজও চরমভাবে উপেক্ষিত। তাদের এই ব্যর্থতার মূল কারণ দেশ পরিচালনায় ভুল নীতির অনুসরণ। যার ফলশ্রুতিতে আজও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বোধ-বিশ্বাস সংস্কৃতির বাইরে চাপিয়ে দেয়া তথাকথিত পশ্চিমা গণতন্ত্রে দেশের স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না ।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী শাসনব্যবস্থা এমন একটি সমাজ উপহার দিতে সক্ষম যেখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবে, নারী তার প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা ফিরে পাবে, শ্রমিক তার অধিকার ফিরে পাবে, দলীয় হানাহানির পরিবর্তে সকল দল মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেখানে মানুষের জন্য শুধু কল্যাণই রয়েছে। আমরা এ কল্যাণ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। সবাইকে তিনি একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ হাসমত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, মাওলানা আবদুল্লাহ সহ অন্যান্যরা।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর এর সহ-সভাপতি ও ধামরাই থানার সভাপতি আব্দুল মান্নান, জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা জেলা উত্তরের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মাসউদ, ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলার সাধারণ সম্পাদক হাকিম মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা জেলার সভাপতি এম এম আল আমিন সহ সাভার-আশুলিয়া-ধামরাই অঞ্চলের আলেম, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবীগণ ।




