Uncategorized

সাভারে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি : সাভারে একটি পুকুরে বেড়া দেয়ার সময় দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ওই যুবকের নাম মিলন (২১)। তিনি সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ড এর দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। মিলন একটি স্কুলের শিক্ষার্থী হলেও বর্তমানে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাবা ফজলুল হক বলেন, তার ছেলে একটি স্কুলের শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো। গত দুই দিন ধরে বাড়ির পাশে মহির নামের এক ব্যক্তির মালিকানাধীন শুকিয়ে যাওয়া একটি পুকুরের চারপাশে বাঁশ দিয়ে বেড়া দেয়ার কাজ করছিল।
বুধবার দুপুর ১১টার দিকে মিলন হাতে দা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সেখানে তার সঙ্গে জমির মালিক মহিরের ছেলে ইমনও বেড়া দিচ্ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসীরা জানায়, দুপুরে পুকুরে পাশে মিলনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় জমির মালিক মহির আলীর ছেলে ইমনকে (১৮) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই। খবর পেয়ে পুলিশ মিলনের মরদেহটি উদ্ধার করলেও ঘটনার পর থেকে পলাতক ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে বিষয়টি তদন্তপূর্বক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button