
পাবনার চাটমোহরে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৬ জন আহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ভাদড়ায় একটি ধানের চাতালে এ ঘটনা ঘটে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।
চাটমোহর উপজেলা হাসপাতালের আরএমও বায়োজিদ উল ইসলাম জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা আহত ৬জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন, তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তারা হাসপাতাল ছেড়েছেন।
এই ছয়জনের মধ্যে পাইলট ও ৫ যাত্রী ছিল। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী আব্দুল মোতালেব জানান, আমি ধানের চাতালের পাশে দাড়িয়ে খুব নিকটে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেলাম। চোখের পলকেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে চাতালের উপর আছড়ে পড়ে। এসময় হেলিকপ্টার থেকে যাত্রীরা দ্রুত বেড়িয়ে আসে। হেলিকপ্টারে আগুন লাগার উপক্রম হলে ধানের চাতালের পানির মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় হেলিকপ্টারটি।
সুত্র: নয়াদিগন্ত




